পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখলকে কেন্দ্র করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে লালপুরের কাকন বাহিনীর বিরুদ্ধে। গতকাল সকালে উপজেলার সাঁড়া ও ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। এলোপাতাড়ি গুলিতে সোহান হোসেন (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত ৫ জুন একইভাবে গুলিবর্ষণ করে কাকন বাহিনী।
সোহান হোসেন সাঁড়া ইউনিয়নের মাজদিয়া চৌধুরী পাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয়রা প্রথমে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার কথা শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনো পাইনি। ঘটনার তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’
সাঁড়া ঘাটের ইজারাদার মেহেদী হাসান ও টনি বিশ্বাস জানান, লালপুরের আওয়ামী লীগ নেতা কাকন ও ঈশ্বরদী যুবলীগের যুগ্ম-সম্পাদক মিলন চৌধুরী সন্ত্রাসী বাহিনী দিয়ে বৈধ-অবৈধ সব বালুমহাল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা সরকারি খাতে টাকা দিয়ে বৈধভাবে বালির ব্যবসা করছি। তারা আমাদের কাছে চাঁদা চায়। দিতে অস্বীকৃত জানালে বারবার এভাবে গুলিবর্ষণ করছে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কাকন ও যুবলীগ নেতা মিলন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।










