ফেনীর ছাগলনাইয়ায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার রাত ৮টার দিকে স্থানীয়রা এ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কিছু দিন ছাগলনাইয়া পৌর শহরসহ উপজেলাজুড়ে অতিমাত্রায় লোডশেডিং চলছে। এতে গ্রাহক অতিষ্ঠ হয়ে পড়েছেন। এরই জেরে রোববার ইফতারের পর ছাগলনাইয়া শহরে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিদ্যুৎ কার্যালয়ের সামনে গেলে জনতা ভাংচুর শুরু করে।










