ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ‘জয়ধ্বনি মঞ্চ’
নামে একটি মুক্তমঞ্চ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর নবনির্মিত মঞ্চটি উদ্বোধন করেন। উল্লেখ্য, কাজী নজরুল ইসলামের কবিতা থেকে ‘জয়ধ্বনি’
শব্দটি চয়ন করা হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে, কেন্দ্রীয় লাইব্রেরির পাশে অবস্থিত দৃষ্টিনন্দন মঞ্চটি পেয়ে শিক্ষক-শিক্ষার্থীরাও দারুণ খুশি।
মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, মঞ্চটিকে শুধু সহশিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহার করলেই হবে না, বরং আমাদের যে চারটি পারফরমিং আর্টসের বিষয় রয়েছে, সেসব বিষয়ের শিক্ষার্থীরাও এ মঞ্চ ব্যবহার করে তাদের প্রস্তুতি গ্রহণ করতে পারবে। মঞ্চ ব্যবহারের জন্য একটি নীতিমালা করে দেয়া হবে জানিয়ে উপাচার্য বলেন, আপনারা সবাই শৃঙ্খলা বজায় রেখে মঞ্চটি ব্যবহার করবেন। এজন্য আমরা প্রশাসন থেকে একটি নীতিমালা করে দেব। আপনারা সেটি মেনে চলবেন। মঞ্চটির সৌন্দর্য যেন অক্ষুণ্ন থাকে সেদিকে সবাই যত্নবান হবেন। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে এর মানকে আরো উন্নত করার দিকে নজর রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সুজন আলী, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক রামিম আল করিম। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তুহিনুর রহমান প্রমুখ।










