আসন্ন ঈদযাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়িয়ে দিতে পারে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এমন শঙ্কা প্রকাশ করেন পরিবহন শ্রমিক নেতা ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। একই সভায় ঈদযাত্রায় হানিফ ফ্লাইওভারে যানজট হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যানজট নিরসনে ফ্লাইওভার পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন মহাসড়ক বিভাগকে সমন্বিতভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।
ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে গতকাল বিআরটিএতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের সময় দুই জায়গা ঠিক করতে পারলে তো সব ঠিক হবে। ফেনী থেকে হানিফ ফ্লাইওভার আসতে যে সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে হানিফ ফ্লাইওভার পার হয়ে সিটিতে ঢুকতে।’
সরকারি-বেসরকারি অংশীদারত্ব পদ্ধতিতে (পিপিপি) মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ ও ফ্লাইওভারটি পরিচালনা করছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কোম্পানি। যানজটের কারণ হিসেবে কোম্পানির টোল আদায় কার্যক্রমের দিকে ইঙ্গিত করে সেতুমন্ত্রী বলেন, ‘এখানে একটা কিন্তু আছে। এখানে একটা সমস্যা আছে ভেতরে। টোল বাড়ানোর জন্য এখানে কোনো কিন্তু সৃষ্টি করা হয় কিনা, সেটাও ভেবে দেখা দরকার। এখানে এমন অবস্থা মাঝে মাঝে হয়, দেড় ঘণ্টা, দুই ঘণ্টা, আড়াই ঘণ্টা পর্যন্ত জ্যাম লাগে। এ সমস্যাটা ফ্লাইওভারে যারা কোম্পানি ও কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়—এদের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। এ দিকটা দেখতে হবে।’
হানিফ ফ্লাইওভারের বিষয়টা নিয়ে এ সময় সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনায় বসার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, ‘আলোচনা করতে হবে। খণ্ড খণ্ড বৈঠক করতে হবে। তাতে এ সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয়।’
ঈদযাত্রায় মেয়র হানিফ ফ্লাইওভার ছাড়াও ঢাকার প্রবেশপথগুলো যানজটমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঢাকার গেটওয়ে (প্রবেশ ও বের হওয়ার পথ), গাজীপুর, চন্দ্রা, নবীনগর, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়—এ কয়েকটা জায়গা ঠিক রাখতে পারলে ঈদযাত্রায় খুব একটা যানজট হবে না। ঈদের সময় অতিরিক্ত যানবাহন চাপে কিছু কিছু যানজট হবেই। একদম যানজটমুক্ত এমনটা দাবি করা সমীচীন নয়। এটা বাস্তবতা।’
পরিবহন মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে লোক দেখানো নয়, গাড়িগুলোকে মোটামুটি একটা ফিটনেসে আনুন। রঙ দিয়ে লাভ নেই ফিটনেস যদি না থাকে। আমার দরকার প্রথম ফিটনেস। রঙও দিতে হবে। বিদেশীরা ঢাকা শহরে ঘুরে বেড়ায়। তারা এখানে মেট্রোরেল দেখে। এলিভেটেড (এক্সপ্রেসওয়ে) দেখে। এটা সত্য কথা। কিন্তু পাশাপাশি দেখে এই নগরীতে, রাজধানীতে বাসগুলোর কী অবস্থা! এটার সমাধান নেতাদের কাছে আমি চাই। এভাবে চলতে পারে না।’










