নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার বীরপ্রতীক গাজী সেতুর পাদদেশের পরিবেশ দূষণকারী কয়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লিসহ এলাকার সর্বস্তরের মানুষজন মানববন্ধনে অংশ নেন। এ কয়লার স্তূপ কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। অতি দ্রুত অপসারণ না করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলনের হুমকি দেন স্থানীয়রা।

মানববন্ধনপূর্ব সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারের বিনা অনুমতিতে মেসার্স উত্তরা ট্রেডার্স জনবসতি এলাকায় পরিবেশ দূষণকারী কয়লার স্তূপ করে অবাধে ব্যবসা চালিয়ে আসছে। কয়লার স্তূপ থেকে পরিবেশ দূষণকারী ধূলিকণা আশপাশের মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরবাড়িতে ছড়িয়ে পড়ছে। তাতে পরিবেশ নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে গাছের ফল এবং কৃষিজমির ফসলাদি। আর শ্বাসকষ্ট, কাশি ও হাঁপানিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু, কিশোর ও বৃদ্ধরা। অবৈধ ও পরিবেশ দূষণকারী এ কয়লার স্তূপ অপসারণের আন্দোলন করতে গিয়ে অনেকেই মিথ্যা মামলার আসামি হয়েছেন। সেসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বক্তারা।

এ ব্যাপারে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ বলেন, জনবসতি দড়িকান্দি এলাকায় স্থাপিত কয়লার স্তূপ থেকে ধূলিকণা ছড়িয়ে পড়ে পরিবেশ দূষণ করায় উত্তরা ট্রেডার্সকে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স দেয়া হয়নি।