ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ হিমঘরে নেয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শরিফ ওসমান হাদির জানাজার নামাজ আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে ওই সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির প্রেক্ষিতে ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার এবং শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া আজ তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেয়ার কথা ছিল। তবে এর পরিবর্তে আগামীকাল মিছিলসহ তার মরদেহ সেখানে নেয়া হবে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আজ ও আগামীকাল ছাত্র-জনতা যেন শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখেন। কোনো গোষ্ঠী যেন অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে না পারে বা সহিংসতা করার সুযোগ না পায়।

সংগঠনটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, ওসমান হাদির মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। তাই সবাইকে শৃঙ্খলা বজায় রাখা এবং তার জন্য দোয়া পৌঁছনোর অনুরোধ করা হচ্ছে।