ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদি (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার বিসিক এলাকার শামিমের হোটেলের পাশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। হামলায় আরমান (১৫) নামে আরো একজন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত মেহেদি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং ঠাকুরগাঁও রুহিয়া সেনেহারি গ্রামের আ. মালেকের ছেলে। মেহেদি শহরের পরিশোধ পাড়ায় মামা আমজাদ হোসেনের বাসায় থেকে পড়ালেখা করত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে শামিমের হোটেলের পাশে চিত্কার শুনতে পেয়ে বাজারের লোকজন এগিয়ে যায়। সেখানে দুজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মেহেদিকে মৃত ঘোষণা করেন।
এদিকে মেহেদি হত্যার ঘটনায় বিচার দাবিতে গতকাল আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ঠাকুরগাঁও কোর্ট চত্বর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও শোক র্যালির আয়োজন করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঠাকুরগাঁওয়ের কোর্ট চত্বর এলাকা।
আন্দোলন চলাকালে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার পরামর্শ দেন।
তিনি বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এ বিষয়ে পুলিশ ও প্রশাসন সজাগ থাকবে। মেহেদি হত্যার মূল রহস্য বের করতে এরই মধ্যে প্রশাসন কাজ করছে।










