১৯১৯ সালের ৫ নভেম্বর তিনদিনের জন্য সিলেট ভ্রমণে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এ বছর তার সিলেট পরিভ্রমণের ১০০ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সিলেটজুড়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রস্মরণের উদ্যোগ নেয়া হয়েছে।
রবীন্দ্রনাথের পরিভ্রমণের ১০০ বছর পূর্তি পালনে ‘শ্রীহট্টে রবীন্দ্রনাথ: শতবর্ষে স্মরণোৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী এ আয়োজন শুরু হবে আজ মঙ্গলবার। এছাড়া রবীন্দ্রস্মৃতিবাহী সিলেট মুরারীচাঁদ (এমসি) কলেজ, ব্রাহ্ম সমাজ, সিংহ বাড়ি ও মাছিমপুর মণিপুরী মন্দিরে পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এ নিয়ে প্রায় ছয় মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে আহ্বায়ক ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সদস্য সচিব করে গঠন করা হয় ‘শ্রীহট্টে রবীন্দ্রনাথ: শতবর্ষে স্মরণোৎসব’ কমিটি।
আজ নগরীর চাঁদনীঘাটে এ আয়োজনের উদ্বোধন হবে। ১০০ বছর আগে খেয়া নৌকায় সুরমা নদী পেরিয়ে চাঁদনীঘাট দিয়েই সিলেট শহরে প্রবেশ করেছিলেন রবীন্দ্রনাথ। এছাড়া ওই কমিটির উদ্যোগে ৭ ও ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে দিনব্যাপী সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ভারত ও বাংলাদেশের লেখক, গবেষক ও শিল্পীরা অংশ নেবেন।
সিলেট এসে ব্রাহ্মমন্দিরে প্রার্থনায় অংশ নিয়েছিলেন রবীন্দ্রনাথ। আজ সকালে ওই মন্দিরে আয়োজন করা হয়েছে ‘শব্দে-ছন্দে রবীন্দ্রস্মরণ’ অনুষ্ঠান। বিকালে নগরীর কাজী নজরুল অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার আয়োজন করেছে শ্রীহট্ট ব্রাহ্মসমাজ।
সিলেটের মাছিমপুর মণিপুরী মন্দিরে মণিপুরী নৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ। এছাড়া এমসি কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নেন কবিগুরু। সিলেটের ঐতিহ্যবাহী সিংহ বাড়িতেও একটি অনুষ্ঠানে অংশ নেন। ওই তিনটি স্থানে আগামী বুধবার দিনভর পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
শ্রীহট্টে রবীন্দ্রনাথ: শতবর্ষে স্মরণোৎসব কমিটির সদস্য সচিব আরিফুল হক চৌধুরী বলেন, আজ মঙ্গলবার আমাদের অনুষ্ঠান শুরু হবে। রবীন্দ্রনাথ নৌকায় করে সুরমা নদী পার হয়ে চাঁদনীঘাটের সিঁড়ি দিয়ে সিলেটে প্রবেশ করেছিলেন। এই চাঁদনীঘাটের সিঁড়িতেই আমরা প্রথম দিনের অনুষ্ঠান করব। সেখানে রবীন্দ্রনাথের সিলেট নিয়ে কবিতা দিয়ে একটি ম্যুরালও উন্মোচন করা হবে। মূল অনুষ্ঠান হবে ৭ ও ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে। এতে বাংলাদেশ ও ভারতের লেখক, রবীন্দ্র গবেষক ও শিল্পীরা অংশ নেবেন।










