সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও এখনো তা বিপৎসীমার ওপরেই আছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে সিরাজগঞ্জের অধিকাংশ ফসলের জমি এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে খাদ্য সংকটে রয়েছে মানুষসহ গবাদিপশু।

শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ১৫ সেন্টিমিটার কমলেও তা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই এখনো পানিবন্দি অবস্থায় দিন পার করছে পাঁচটি উপজেলার প্রায় এক লাখ মানুষ। এছাড়াও সড়কে পানি থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। পানির নিচে তলিয়ে আছে প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল ও শতাধিক তাঁত কারখানা। ফলে চরম দুর্ভোগে রয়েছে বন্যা কবলিত এলাকার কৃষক ও শ্রমজীবী মানুষ।

সিরাজগঞ্জে চলতি বন্যায় মানুষের মতো গবাদি পশুও পানিবন্দি হয়ে পড়েছে। জেলার শাহজাদপুর, কাজীপুর, সদর, বেলকুচি ও চৌহালী উপজেলার প্রায় ৩০ হাজার গবাদিপশু এখন পানিবন্দি। পলিথিন কিংবা কাপড়ের তৈরি ছাউনি দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু স্থানে রাখা হয়েছে এসব গবাদিপশুকে। চারণভুমি, চরাঞ্চল ও নিচু জায়গাগুলো ডুবে যাওয়ায় দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্য সংকট। গবাদিপশুর জন্য খাবার সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তা ওমর ফারুক।

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের চরবেলুটিয়া গ্রামের কৃষক রহমত আলী বলেন, ঘরবাড়ি, রাস্তাঘাট সব তলিয়ে গেছে। রান্না করতে পারি না। সব জায়গাতে পানি। গরু, ছাগল নিয়ে বিপদে আছি। খাবার জোগাড় করা কঠিন হয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ওমর ফারুক বলেন, নিচু এলাকা এখনো পানিতে তলিয়ে থাকায় সমস্যা হচ্ছে। তবে যমুনার পানি কমতে থাকায় কিছুটা উন্নতি হচ্ছে। আমরা তালিকা করছি। প্রাণিসম্পদ থেকে গবাদিপশুর জন্য খাদ্য দেয়া হবে। এছাড়া গবাদিপশু যাতে কোনো রোগে আক্রান্ত না হয় সেজন্য পাঁচটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার জানান, শুক্রবার (১২ জুলাই) থেকে পানি কমতে শুরু করেছে। যার কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি হ্রাস পাবে। তাই আশা করা যাচ্ছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে।