কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় বালুবাহী ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ডাম্পার নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
নিহতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রুবেল ও আরমান মোটরসাইকেলে করে গিলাতলী থেকে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় টেকনাফমুখী একটি বালুবাহী ডাম্পার বেপরোয়া গতিতে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
টেকনাফ-হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর ডাম্পার নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










