শেরপুর সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়াপাড়া গ্রামের দরিদ্র কৃষকের স্ত্রী ফজিলা খাতুন হত্যাকাণ্ডের ১৫ মাস পেরিয়ে গেলেও মামলার আসামিরা গ্রেফতার হননি। এ ঘটনার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা।

গতকাল সকালে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট ভাই ও হত্যা মামলার বাদী নূর নবী।

লিখিত বক্তব্যে নূর নবী বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০২১ সালের ২৮ মার্চ শেরপুর সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়াপাড়া গ্রামের দরিদ্র কৃষক তহুর আলীর স্ত্রী ও তার বোন ফজিলা খাতুনকে প্রতিপক্ষ পিটিয়ে আহত করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর ৩১ মার্চ সকালে মারা যান ফজিলা। এ ঘটনায় আমি বাদী হয়ে বজলুর রহমান বজলু, আলিফ উদ্দিন ও মজনুসহ কয়েকজনের নামে একটি হত্যা মামলা দায়ের করি।

সুরতহাল রিপোর্টে মরদেহের গায়ে আঘাতের চিহ্ন থাকলেও আসামিরা প্রভাবশালী হওয়ায় মোটা অংকের অর্থের বিনিময়ে পোস্টমর্টেম রিপোর্টে স্ট্রোকে মারা যাওয়া দেখানো হয়। এছাড়া চার্জ গঠনেও মূল আসামি দুজনের নাম বাদ দেয়া হয়েছে। ওই চার্জশিটের বিপরীতে আদালতে না-রাজি দেয়া হয়েছে। কিন্তু প্রভাবশালী আসামি পক্ষের লোকজন আমাকে প্রাণনাশের হুমকি এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে আসছে। ফলে আমি নিজের নিরাপত্তার জন্য শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়রিও করেছি। সংবাদ সম্মেলনে নিহত ফজিলা খাতুনের তিনি ছেলে ফরিদ, রাজিব ও মোহনসহ বড় ভাই আজাদ মিয়া উপস্থিত ছিলেন।