বরিশালে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। আক্রান্ত অধিকাংশ শিশুকে ভর্তি করা হচ্ছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩৬ শয্যার বিপরীতে চিকিৎসাধীন ছিল আড়াই শতাধিক শিশু। বহির্বিভাগেও চিকিৎসা নিয়েছে আরো দুই শতাধিক শিশু। শয্যা সংকট থাকলেও শিশুদের চিকিৎসায় কর্তৃপক্ষ সর্বাধিক চেষ্টা করে যাচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
পিরোজপুর থেকে আসা তহমিনা বেগম জানান, গ্রামে প্রচণ্ড শীতে পাঁচদিন আগে তার সন্তানের ডায়রিয়া হয়। স্থানীয়ভাবে চিকিৎসায় সুস্থ না হওয়ায় বুধবার তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
উজিরপুরের রেহানা বেগম জানান, শীতের কারণে তার সন্তান ডায়রিয়া, জ্বর ও বমিতে আক্রান্ত হয়। উপায় না পেয়ে দুদিন আগে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‘ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী থাকার পরও শিশু ওয়ার্ডে সুষ্ঠু চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। ঠাণ্ডাজনিত রোগ থেকে রক্ষায় গরম কাপড়ে শিশুদের আবৃত রাখাসহ অভিভাবককে আরো সচেতন হতে হবে।’










