বিদেশী বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে বিড়ি শিল্প রক্ষার্থে কুষ্টিয়ায় বিড়ি শ্রমিক সমাবেশ হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরি মাঠে কুষ্টিয়া বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন, সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স দেয়া বন্ধ করা এবং নকল বিড়ি বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান শ্রমিকরা। সমাবেশ শেষে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আজগর আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা শ্রমিক লীগের সভাপতি আনারুল হক, কুষ্টিয়া শহর শ্রমিক লীগের সভাপতি ইব্রাহীম স্বপন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাবলু, কার্যকরী সদস্য আনোয়ার হোসানে, বিড়ি শ্রমিক নেতা ছাদ আলী, লুত্ফর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, শারীরিক বিকলাঙ্গ, বিধবাসহ লাখ লাখ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে কতিপয় অসাধু আমলা বিড়ির ওপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছেন। এতে একের পর এক বিড়ি কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন।