রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। তাকে চুক্তিতে এক বছরের জন্য এ নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব নিয়োগ পান অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব সরওয়ার আলম। তাকে সচিব পদমর্যাদায় এ নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তাকে এ পদ থেকে সরিয়ে দেয়া হয়। এখন নতুন করে আবার তিনি নিয়োগ পেলেন।

সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিবেরও (জনসংযোগ) দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) ছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (যুগ্ম-সচিব) থাকার সময় তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।