চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে মোজাম্মেল হোসেন (৭০)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে সাইকেলযোগে নিজ জমিতে কাজ করতে যাওয়ার পথে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যাবার পথে মারা যান মোজাম্মেল হোসেন। তার নিকটতম আত্মীয় ইয়াসিন আলি মুত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।