সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুরুতর আহত আব্দুল আলিম (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত আব্দুল আলিম বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি মোটরসাইকেল প্রতীকের পরাজিত প্রার্থী বদিউজ্জামান বদি ফকিরের সমর্থক ছিলেন।

জানা গেছে, ৮ মে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন রাত ৯টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম সরকারের সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থক আব্দুল আলিমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চারদিন পর ঢাকায় নেয়ার পথে গতকাল ভোরে তিনি মারা যান। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান আব্দুল আলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এদিকে আব্দুল আলিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা প্রতিপক্ষ দোয়াতকলম প্রতীকের সমর্থক এবং ঘটনায় অভিযুক্ত একই গ্রামের চাঁন মিয়া, তার ছেলে রাসেল আহম্মেদ ও চাঁন মিয়ার ভাই আবুল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।