ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতি বন্ধ হওয়ার পেছনে ছাত্রদের মধ্যে সমঝোতার ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বিকালে রাজশাহী জেলা স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর সব জায়গায় সংস্কার হচ্ছে। ছাত্রদের এক জায়গায় বসে এ বিষয়ে একমত হওয়া উচিত ছিল। ছাত্রদের একে অন্যের সঙ্গে যে বিদ্বেষমূলক আচরণ বা মুখোমুখি হওয়ার প্রবণতা, সেটি দূর করে এক হওয়ার সুযোগ ছিল। তাদের আরো পরিপক্ব হওয়া প্রয়োজন ছিল।’
রাজশাহীতে বিপিএল শুরু হওয়ার পূর্বপ্রস্তুতি দেখতে রাজশাহীতে আসেন তিনি। এ সময় তিনি রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিপিএলের ডি-সেন্ট্রালাইজ করার বিষয়েও জানান। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থাগুলোর বাস্তবায়িত ১২টি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন।
একদিনের সরকারি সফরে উপদেষ্টা রাজশাহী সার্কিট হাউজে উপস্থিত হলে তাকে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










