জয়পুরহাটে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা শেষ হয়েছে। আজ মেলার শেষদিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) ও বাংলাদেশ ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) যৌথ আয়োজনে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি চত্বরে মেলাটি আয়োজিত হয়।

মেলায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু মুসা রাজা ও আয়ন, দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনেজ এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল হাসান হাসিব ও এহসানুল কাদির সৌরভ এবং আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়ার শিক্ষার্থী তাহমিদ তানজিম তাহিম ও মারজান মোস্তাফিজ সিয়াম।

এছাড়াও নিম্ন মাধ্যামিক পর্যায়ে প্রথম হয়েছে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল ও কলেজ, দ্বিতীয় হয়েছে জয়পুরহাট রাম দেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়।

উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত গবেষণা প্রকল্প প্রদর্শনী নিয়ে মেলায় ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯১টি প্রকল্প নিয়ে ১৮২ জন ক্ষুদে বিজ্ঞানী অংশ নিয়েছে।