ঈদুল ফিতরের সরকারি ছুটির আগেই গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের উৎসব ভাতাসহ বেতন-বোনাস পরিশোধ করা হবে। গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভাশেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘মালিক-শ্রমিক উভয়ের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী আসন্ন ঈদুল ফিতরের ছুটি দেয়া হবে। কোনোক্রমেই ঈদের ছুটি সরকারি ছুটির কম হবে না। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না।’

সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. তরিকুল আলম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশীর কবির, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফারুক হাসান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।