ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়সহ তিন পরিবারের বসতঘর আগুনে পুড়ে গিয়েছে। আগুনে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঝালকাঠি শহরের জেলে পাড়া সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাংবাদিক মানিক রায় ও তার ভাই দুলাল রায় এবং গণেশ রায়ের টিনের তিনটি ঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সদস্য ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, সাংবাদিক মানিক রায়ের বসতঘরের দোতলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আর ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সাংবাদিক মানিক রায় চ্যানেল আইয়ের ঝালকাঠি প্রতিনিধি। তিনি জানান, আগুন থেকে ঘর ও মালপত্র কিছুই রক্ষা পায়নি। আগুনে ঘরসহ তিন ভাইয়ের পরিবারের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি।










