দিনাজপুরের হিলিতে নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওয়াসিম বেশরা (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ওয়াসিম হিলির খট্টামাধবপাড়া গ্রামের ঠাকুর বেশরার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শিশুটি বাড়ির বাইরে একা খেলছিল। এ সময় ওয়াসিম শিশুটিকে জড়িয়ে ধরে এবং এক পর্যায়ে তাকে ধর্ষর্ণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে তার ভাই বাড়ি থেকে বেরিয়ে আসেন। সেখানে ওয়াসিমের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওয়াসিম সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয়রা এগিয়ে আসে। তারা অভিযুক্ত ওয়াসিমকে আটক করে মারধরও করে। পরে শিশুটির বাবা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত ওয়াসিম বেশরাকে আটক করে থানায় নিয়ে যায়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহাঙ্গির আলম বলেন, খট্টামাধবপাড়াতে নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় শিশুটির বাবা গতকাল রাতে থানায় অভিযোগ দিয়েছেন। এর ভিত্তিতে আমরা অভিযুক্ত ওয়াসিমকে গ্রেফতার করেছি। শুক্রবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।