টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ি অঞ্চল সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটে নগর গ্রামে পুকুর খনন করাকালে একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। গতকাল সোমবার দুপুরে সেটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাউটে নগড় গ্রামের আবুল বিএসসি নামের এক শিক্ষকের পুরাতন একটি পুকুর খনন করেন। পুকুরের মাটি স্থানীয় কবির নামে এক লোক কিনে দোকান ভরাট করার সময় কোদালের মাথায় গ্রেনেডটি উঠে আসে। বিষয়টি ঘাটাইল থানা পুলিশকে জানালে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া জানান, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন হতে পারে। সে সময় গ্রেনেডটি হয়তো পুকুরে ফেলা হয়েছে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম জানান, গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে। বিষয়টি ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তাদের বিশেষজ্ঞ টিম এসে যাচাই-বাছাই করে দেখবে আসলে এটা কি।