ফেনীর ছাগলনাইয়া থানা থেকে লুট হওয়া তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ও গতকাল ছাগলনাইয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ৫ আগস্ট থানা থেকে এসব অস্ত্র লুট হয়েছিল।

জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন জানান, স্থানীয় যুবকদের দেয়া তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন আনসার সদস্যদের নিয়ে দুটি ও থানার পুকুর থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া চার রাউন্ড রাবার কার্তুজ, চার রাউন্ড সিসা কার্তুজ, আগুনে পোড়া অস্ত্রের চারটি অংশ ও গুলির একটি ভাঙা বক্স উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশ সুপার মনিরুল ইসলাম ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলকে জানানো হয়েছে। অস্ত্রগুলো জেলা ব্যাটালিয়ন আনসার ভিডিপির কমান্ড্যান্টের হেফাজতে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসারসহ সব ভিডিপি সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে।