কোরবানির পশু পরিবহনে ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা (তেজগাঁও) রুটে চালু হচ্ছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস। আগামী ৬-৮ জুলাই পর্যন্ত এ ট্রেন চলবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ক?্যাটল স্পেশাল ট্রেনে প্রতিটি গরুর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯১ দশমিক ৫ টাকা। গতকাল বিকালে রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ খবর নিশ্চিত করেন।

অসীম কুমার জানান, ২০২১ সালে প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেনে পণ্যবাহী ওয়াগনজুড়ে দিয়ে ঢাকায় গরু পরিবহন করা হয়। গত বছরের মতো এবারো ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। কোরবানিযোগ্য পশুর চাহিদা অনুযায়ী ওয়াগনজুড়ে দেয়া হবে। প্রতিটি ওয়াগনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। তিনদিন ধরে চলা এ ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানিযোগ্য পশু পরিবহন করা হয় ৭৮টি, যা থেকে আয় হয়েছে ৪৬ হাজার ১৩৭ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ জানান, প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। ট্রেনটি বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছাড়বে। রাত আড়াইটা থেকে পৌনে ৪টার মধ্যে তেজগাঁওয়ে পৌঁছবে। ট্রেনটি আবারো ভোর ৫টায় তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেবে। এভাবেই ৬-৮ জুলাই পর্যন্ত চলবে। এতে চাঁপাইনবাবগঞ্জের পশু ব্যবসায়ীদের অনেক উপকার হবে, রেলেরও রাজস্ব আয় হবে।