চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে ভারতে অনুপ্রবেশকারী চার বাংলাদেশী নাগরিককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৈঠকে বিজিবির পক্ষে মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার মিয়া এবং বিএসএফের পক্ষে ব্রহ্মনগর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র সিং উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে বিএসএফ চার বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। এদেরমধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও এক অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা দীর্ঘদিন ধরে রাজস্থানে বসবাস করে আসছিল।