বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সাবেক নেতাদের ব্যানারে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল সাধারণ শিক্ষার্থীদের বাধায় পণ্ড হয়েছে। শনিবার বুয়েট অডিটরিয়ামে এ আয়োজন করা হয়েছিল। তবে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ আয়োজনে বাধা দেন শিক্ষার্থীরা। 

এর আগে ২০১৯ সালের ৭ অক্টোবর তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের অত্যাচারে মারা যান আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থী। প্রতিবাদে বুয়েটজুড়ে তীব্র আন্দোলন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১১ অক্টোবর বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। 

শনিবার ছাত্রলীগের ব্যানারে আয়োজন দেখে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। ব্যানার-ফেস্টুন হাতে অডিটরিয়ামের সামনে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এক পর্যায়ে অডিটরিয়াম ত্যাগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের দাবি, শোক দিবসের কোনো অনুষ্ঠান করলে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে। কোনো রাজনৈতিক ব্যানারে প্রোগ্রাম করতে দেয়া হবে না।

বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতির পুনরুত্থানের আশঙ্কা করে রাতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়। সেখানে বলা হয়, লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনগুলোর অপকর্মে বুয়েট ক্যাম্পাস প্রাঙ্গণে নিরীহ শিক্ষার্থীদের প্রাণ ঝরেছে বারবার। এমন অনুষ্ঠান আয়োজনের অনুমতি পাওয়ায় বুয়েট কর্তৃপক্ষের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এহেন কার্যক্রমের ব্যাপারে আমরা, বুয়েটের সকল সাধারণ শিক্ষার্থী, কর্তৃপক্ষের অবস্থান এবং সুস্পষ্ট জবাব আশা করছি।