ঝালকাঠির নলছিটিতে দাদির সঙ্গে গঙ্গায় গোসল করতে গিয়ে তৃতীয় শ্রেণীর স্কুলছাত্র স্রোতে ভেসে গেছে। আজ শনিবার(১৩ এপ্রিল)  সকাল ১১টায় পৌর এলাকার কলবাড়ী সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নলছিটি পৌর এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে আদর চক্রবর্ত্তী (১০) তার দাদীর সঙ্গে গঙ্গায় গোসলের জন্য নদীর তীরে আসে। এসময় পা পিছলে আদর নদীতে পরে যায়। দাদী তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি। নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে বরিশাল সদর থেকে একটি ডুবুরি দল সকাল সাড়ে এগারোটায় নলছিটি এসে পৌঁছেছে। তারা তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ আদর চক্রবর্ত্তী স্থানীয় বন্দর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে বলে জানা গেছে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন,‘আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। এছাড়া নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদর থেকে আগত ডুবুরি দল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।’