পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে গাড়িচালকদের আরো সচেতন হতে হবে। অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে। শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।

গতকাল দুপুরে মৌলভীবাজার পৌরসভার বেঙ্গল কনভেনশন হলে ‘আধুনিক শহর ও সড়ক ভাবনা’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন। মেট্রোরেল, পাতালরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার চিন্তার ফসল।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।