লক্ষ্মীপুর সদর উপজেলায় ফসলি জমি সংলগ্ন একটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল রোববার অভিযানে নেমে পূর্ব দিঘলী এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস নামের ভাটা চিমনি গুঁড়িয়ে দেয়া হয় বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন জানান।

জানা গেছে, মেসার্স ভাই ভাই ব্রিকস নামের ওই ভাটা পরিচালনা করতেন লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মুজিব। তিনি পরিবেশবান্ধব চিমনির পরিবর্তে ‘ড্রাম চিমনি’ ব্যবহার করছেন ভাটায়। সেখানে অবৈধভাবে কাঠ পোড়ানো ও শিশু শ্রমের প্রমাণও মেলে। এ ছাড়া ভাটায় ট্রাক্টর (পাওয়ার ট্রলি) দিয়ে আনা ফসলি জমির টপ সয়েল ব্যবহৃত হচ্ছিল। ট্রাক্টরের আনা-গোনায় গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাগুলোও নষ্ট হচ্ছে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন বলেন, ‘অনুমোদন ছাড়া ফসলি জমিতে ইটভাটা পরিচালনা করায় সেটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভাটার মালিক পালিয়েছেন।’