ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নন-ফিকশন বইমেলায় গ্রন্থ সম্মাননা পেয়েছেন নূরুল কবীর ও মুহম্মদ ইউসুফ সিদ্দিক। সোমবার ( ১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
বণিক বার্তার বিশেষ প্রতিনিধি মো. বদরুল আলমের সঞ্চালনায় বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ সূচনা বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দিন ও প্রথমা প্রকাশনের প্রতিনিধি এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
এবারের মেলাতে দেশের মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিয়েছে। অংশ নেয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল ২০২৫-এর দুইটি নন-ফিকশন বই নির্বাচিত করে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫’ প্রদান করা হয় সমাপনী অনুষ্ঠানে। এবার একইসঙ্গে গ্রন্থগুলোর প্রকাশককেও সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রাপ্ত বিজয়ী গ্রন্থ ও লেখকরা হলেন, 'দ্বিরালাপ: চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা'র নূরুল কবীর। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। বিজয়ী আরেকটি গ্রন্থ হলো মুহম্মদ ইউসুফ সিদ্দিকির লেখা 'শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা'। এ বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।
এবারের জুরি বোর্ডে তিনজন সদস্য ও একজন সভাপতি ছিলেন। জুরি বোর্ডের সভাপতি ছিলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত সচিব ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, কথাসাহিত্যিক ও ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।










