গোপালগঞ্জের কোটালীপাড়ায় সম্প্রতি ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের ওপর হামলার ঘটনা ঘটে। সেই রেশ না কাটতেই এবার ‘কালের কণ্ঠ‘র কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর ওপর হামলার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানানো হয়। আহত মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বিএনপি নেতাসহ চারজনের নামে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মিজানুর রহমান বুলু।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে ‘মহিলা অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের কাছে ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসানাতের গতিরোধ করে দুর্বৃত্তরা।

এ সময় মো. বাহাউদ্দিন দাড়িয়া, চিতশী গ্রামের বারেক হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা বাসার হাওলাদার বাচ্চু, মুনসুর হাওলাদারের ছেলে মুরগী বিক্রেতা মো. আজিজুল হক হাওলাদার এবং আ. রশিদ হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ উঠেছে। মিজানুর রহমান বুলু অভিযোগ করেন, হামলাকারীরা তাকে অকথ্য গালি-গালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’