গতকাল বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি মিং দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি ও কয়লাভিক্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। পরে তিনি প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, চীনা রাষ্ট্রদূত লি জি মিং বড়পুকুরিয়া কয়লা খনির বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও কয়লা খনি উন্নয়ন এবং কয়লা উত্তোলনের দায়িত্বে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি ও এক্সএমসির চীনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর দুপুর ১২টায় চীনা রাষ্ট্রদূত বড়পুকুরিয়া কয়লা খনিসংলগ্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলীসহ ও ঠিকাদার প্রতিষ্ঠান হারবিনের চীনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কয়লা খনির মহাব্যবস্থাপক প্রশাসন গোপাল চন্দ্র সাহা, তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।










