চাঁদপুরে মেঘনায় ঘন কুয়াশায় পৃথক লঞ্চ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে এসব দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. বশির আলী খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুরের হাইমচরের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে সুরভী-৮ ও টিপু-১৪ নামক লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ভোলার চরফ্যাশনের মো. সোহেল (৩৫) নামে যাত্রী নিহত হয়। কম- বেশী আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। যেহেতু ঘটনাটি ভোলা এলাকার, তাই আইনি ব্যবস্থা সেখান থেকেই নেয়া হবে।
অন্যদিকে, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় ঘন কুয়াশার কারণে চাঁদপুরগামী এমভি রফ রফ-৭ ও পটুয়াখালী থেকে ঢাকাগামী এমভি এ আর খান-১ লঞ্চে ধাক্কা লাগে। এতে রফ রফ লঞ্চের পাশে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক শাহ্ আলম। তিনি বলেন, রফ রফ লঞ্চটি ধাক্কা লেগে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।










