চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লেগুনা ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের ছেলে আল আমিন (৪৮), লেগুনাচালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩) ও চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান জানান, ভয়াবহ এ দুর্ঘটনার পর পরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় আটকাপড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর ছয়জনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।