ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় এ ঘটনা ঘটে ৷ এতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

জানা গিয়েছে, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সদস্যরা ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানাতে মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে মিছিল নিয়ে স্যার এ এফ রহমান হলের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা রড লাঠি দিয়ে ছাত্রদলের মিছিলের উপর এলোপাথাড়ি হামলা চালায়। 

এর আগে গত সোমবার ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দেয়ার পরপরই শিক্ষার্থীদের সমস্যা-সংকট সমাধানে উপাচার্যকে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। তারই অংশ হিসেবে সকাল থেকে ছাত্রলীগের হল শাখার নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে শুরু করে। ঘোষণা অনুযায়ী ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল বিকেলে ক্যাম্পাসে ঢুকতে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ৩০ থেকে ৩৫ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঢোকার পথে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের এক কর্মী মিছিলের সামনে দাঁড়িয়ে যান। একপর্যায়ে ছাত্রদলের নেতাদের সঙ্গে তার ধাক্কাধাক্কি ও তর্কাতর্কি শুরু হয়। এ সময় উপাচার্যের জন্য ছাত্রদলের আনা ফুলের তোড়া ভেঙে ফেলেন ওই কর্মী।

এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ  শুরু হয়। পাল্টাপালি ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান। পরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। 

হামলায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, রাজু আহমেদ, ফারহান, আরিফ, শামিম আক্তার শুভ, নাজমুস সাকিব, মুন্সী সোহাগ এবং মুহসিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আহতসহ প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়।