সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা-খুলনা সড়কের নোয়াপাড়া ও খলিশখালীর হাজরাপাড়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে। তালা থানার ওসি চৌধুরী করিম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, তালা উপজেলার মাগুরা গ্রামের আসাদ মোড়লের দুই ছেলে ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) এবং একই উপজেলার ধলবাড়িয়া এলাকার আব্দুল বারিক শেখের ছেলে শেখ শাহিন (২৬)।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদের কেনাকাটা করে শুক্রবার সন্ধ্যায় তারা তিনজন মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সুজন গাজী, ইমরান হোসেন ও রিফাত হোসেন গুরুতর আহত হন।  স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইমরান হোসেনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে অপর ভাই রিফাত হোসেন মারা যান।  সকালে দুই ভাইয়ের মৃতদেহ পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহত সুজন গাজী একই গ্রামের মিঠু গাজির ছেলে। নিহতদের ময়না তদন্ত শেষে আজ দাফন কাজ সম্পন্ন হয়। 

এদিকে অপর ঘটনায় নিহত শেখ শাহিন (২৬) তালা উপজেলার ধলবাড়িয়া এলাকার আব্দুল বারিক শেখের ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। স্থানীয় বাসিন্দা শেখ আলামিন জানান, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন শাহিন। গতকাল শুক্রবার রাতে মির্জাপুর বাজারের কেনাকাটা শেষে মোটরভ্যান যোগে বাড়িতে ফিরছিলেন। পথে নোয়াপাড়া বাজারে আসলে দ্রুতগামী একটি মোটরসাইকেল ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে শাহিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক মোটরসাইকেল আরোহীকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।