পুলিশি কার্যক্রম আরো বেগবান করার জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ প্রদান করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শুক্রবার (২৫ অক্টোবর) পঞ্চগড় জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে পঞ্চগড় জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আমাদের জন্য দেশ গড়ার এক নতুন সুযোগ তৈরি করেছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি; নতুন সমাজ বিনির্মাণের সুযোগ পেয়েছি। তিনি বলেন, এ সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ পুলিশকেও গড়ে তুলতে চাই। আমরা নিজেরা অন্যায় করব না; অন্যকেও অন্যায় করার সুযোগ দেব না। বাংলাদেশ পুলিশ একটি টিম। সবার সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ বাহিনীকে গড়ে তুলতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ প্রধান বলেন, জনগণের সঙ্গে পেশাদার আচরণ করতে হবে। তাদের প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে হবে। কল্যাণের পাশাপাশি ফোর্সের শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে।

এর আগে আইজিপি তার বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আইজিপি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরে আইজিপি পঞ্চগড় সদর সার্কেলের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন করেন।

সভায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং পঞ্চগড় জেলার পুলিশ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।