প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘কমিশন সব রাজনৈতিক দল নিয়ে সংলাপ করেছে, সেখানে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তারা স্পষ্টভাবে আগাম জানিয়েছেন, তারা সরকার ও বর্তমান কমিশন মানেন না। পত্রপত্রিকায় দেখেছি, তারা নির্বাচন কমিশনকে সরে যেতে বলেছেন। তাই তাদের সঙ্গে নতুন করে সংলাপের কোনো সুযোগ নেই। তার পরও তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, নির্বাচনে আসেন, অংশগ্রহণ করেন। কারণ, আমাদের নির্বাচন করতে হবে, সংবিধান থাকলে নির্বাচন হবেই। তবে বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা খর্ব হবে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় সিইসি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রার্থীদের সঙ্গে কমিশন মতবিনিময় করবে। পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার সাইদুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










