ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জনসম্পৃক্ততা ও সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২১ অক্টোবর) রাজারবাগ পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে আয়োজিত ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ছাত্র-জনতা, সুশীল সমাজের সদস্য ও অন্যান্য শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ট্রাফিক বিভাগ বেআইনি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। জনসচেতনতা ছাড়া এ উদ্যোগগুলো সফল হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ চলাকালে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এক হাজার স্বেচ্ছাসেবককে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে। এ উদ্যোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে ঢাকার ট্রাফিক ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এনডিসি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এনডিসি, পিএসসি (অব.), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তারুণ্যের শক্তি সরকারের বিভিন্ন অঙ্গকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার তরুণদের সে শক্তিকে কাজে লাগাতে চায়। তিনি আরো বলেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক ব্যবস্থায় কাজ করার প্রস্তাব দিয়েছিলাম, যা আজ বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি ট্রাফিক বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আমন্ত্রিত অতিথি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা অংশ নেন।









