নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম কবীর। গকতাল রোববার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের নিজ কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এনামূল হক আরাফাত জানান, অধ্যাপক ড. গোলাম কবীর গতকাল সকাল ১০টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এর আগে গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে টানা চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর একই বছরের ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে প্রথম ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। গত ৩১ জুলাই তার চার বছরের মেয়াদ শেষ হয়। 

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য ভারপ্রাপ্ত ভিসি হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. গোলাম কবীর বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় ভিসি নিযুক্ত হলেন।