বাংলাদেশ-ভুটান যৌথ উদ্যোগে জিটুজিভিত্তিক ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে কুড়িগ্রামে। গতকাল বিকালে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন ভুটানের রাষ্ট্রদুত এইচই রিনচেন কুইন্টসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে সম্ভাবনার কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রতদূত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ অন্য কর্মকর্তারা।

রাষ্ট্রদুত এইচই রিনচেন কুইন্টসি জানান, এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বাংলাদেশ-ভুটান লাভবান হবে। পাশাপাশি কুড়িগ্রাম জেলারও উন্নয়ন হবে। এজন্য বেজার সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর কাজ শুরু হবে।

কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা সেতুর পূর্ব প্রান্তে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় গড়ে তোলা হবে অর্থনৈতিক অঞ্চল। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে জেলায় ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির আশা করছেন স্থানীয়রা।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান,  প্রস্তাবিত স্থানের সঙ্গে জেলার সোনাহাট, তোরা স্থলবন্দর ও চিলমারী নদীবন্দরসহ রেলস্টেশন ও পাওয়ার স্টেশনের যোগাযোগ ব্যবস্থা ভালো। এজন্য এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে বিশেষ অর্থনেতিক অঞ্চলের জন্য প্রস্তাবিত ২১৯ একর জমির মধ্যে ১৩৩ একর জমি অধিগ্রহণ করে বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।