ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতলে সীমিত লোকবল দিয়ে রোগীর চাপ সামলানো এবং সেবা নিশ্চিত করতে সমস্যা হচ্ছে। তা মোকাবেলা করে সেবা দিতে হচ্ছে কর্তৃপক্ষকে। তবে হাসপাতালে শৃঙ্খলা ফিরিয়ে সেবা নিশ্চিত করতে ওয়ানস্টপ সার্ভিস চালুর বিষয়ে জোর দিচ্ছে কর্তৃপক্ষ। এছাড়া জরুরি বিভাগে শিশু, মেডিসিন, গাইনি, সার্জারি ও অর্থোপেডিকস বিষয়ে আলাদা চিকিৎসক থাকবেন বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত শনিবার এক বৈঠকে জেলা নাগরিক আন্দোলনের নেতারা সুনির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করে এসব বিষয়ে শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান। মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস নাগরিক নেতাদের দাবিগুলো শোনেন এবং সম্ভাব্য অসংগতি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এসব কিছু নিশ্চিত করতে নাগরিক সমাজেরও কাছ থেকে তিনি আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস জানান, হাসপাতালে ভর্তি কোনো রোগীর কাছ থেকে ট্রলিবয় বকশিশ বা টাকা দাবি করতে পারবে না। যদি কোনো ট্রলিবয় বকশিশ বা টাকা দাবি করে তাহলে ট্রলির সঙ্গে থাকা নম্বরে ফোন করে অভিযোগ করা যাবে। রোগীদের সঙ্গে কর্মচারীদের সহনশীল এবং শোভন আচরণ নিশ্চিত করতে হবে। ওয়ার্ডে ভর্তির পর ওয়ার্ডবয়, আয়া এবং সিকিউরিটি গার্ডদের সিন্ডিকেট থেকে রোগী এবং স্বজনকে হয়রানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সাজাপ্রাপ্ত চিহ্নিত দালালদের ছবি হাসপাতাল ক্যাম্পাসে টানানো হবে। এছাড়া হাসপাতালে সুচিকিৎসার স্বার্থে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় কমানোর জন্যও আলোচনা করা হয়। 

পরবর্তী সময়ে জনবল বৃদ্ধিসহ অন্যান্য বিষয় কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণের কথাও বলা হয় বৈঠকে।

এর আগে হাসপাতালের বিভিন্ন বিষয়ে অসংগতি ও সুচিকিৎসার দাবিতে জেলা নাগরিক আন্দোলন হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি আহ্বান করে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কর্মসূচি প্রত্যাহার করে জেলা নাগরিক আন্দোলনের কাছে দুই সপ্তাহের সময় চেয়ে আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ করেন।