রাজধানীর গুলশানে একটি বাসায় তল্লাশির নামে তছনছ, ভাংচুর ও লুটপাট চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাসাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে পুলিশ। তারা হলেন শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক শাকিল আহমেদ এক সময় ওই বাসায় কেয়ারটেকারের কাজ করতেন। বাসায় ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে- জনতাকে এমন তথ‍্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালানোর উসকানি দেন তিনি।

এক পর্যায়ে মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০-২৫ জন লোক বাসাটিতে ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে সেখানে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা। লোকজনের দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য ফেসবুকে সরাসরি প্রচার করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। তাতে দেখা যায়, ’আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে ঢুকে পড়া লোকজন বাড়ির আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করছে।

পরে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছায় গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিনজন আটক করা হয়। তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এর আগের দিন অর্থাৎ সোমবার রাত সাড়ে ১০টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।