নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট রায়ের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৪ সালের ১৫ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, আট রাউন্ড গুলি ও আটটি শর্টগানের গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এ ঘটনায় নূর হোসেনকে আসামি করে অস্ত্র আইনে আলাদা অভিযোগে মামলা দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সেই মামলায় পুলিশ তদন্ত শেষে তিন মাস পর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালত বিচার প্রক্রিয়ায় চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি নূর হোসেনকে দুইটি ধারায় আলাদাভাবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এদিকে, আদালত একই সঙ্গে মাদক ও চাঁদাবাজির অভিযোগে নূর হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত আরো দুইটি মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ করেন। অস্ত্র মামলায় সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ দুই পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ করেন। এ ছাড়া মাদক মামলায় সাক্ষ্য দিয়েছেন করেন একজন পুলিশ সদস্য। এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।










