চট্টগ্রামের বাঁশখালী ও সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুটি অভিযানে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জালসহ ৫৩ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। অভিযানে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট উদ্ধার করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৮ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল এবং প্রায় দুই হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। একই অভিযানে ১৬ জন জেলেকে আটক করা হয়।
অন্যদিকে, গত ১৭ ডিসেম্বর বুধবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখানে দুটি আর্টিসানাল ট্রলিং বোট উদ্ধার করা হয়। পরবর্তী তল্লাশিতে আনুমানিক ৬ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল এবং প্রায় ৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ ঘটনায় আরো ৩৭ জন জেলেকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে মাছ ধরা বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।










