সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট এলাকায় খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বেড়িবাঁধ দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ বুধবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে আনুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজারো মানুষ খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদের দিন সকাল ১১টার দিকে খোলপেটুয়া নদীর অন্তত ২০০ ফুট এলাকাজুড়ে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে, গৃহহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। তিনদিন পার হলেও এখনো বাঁধ মেরামত করা হয়নি। মানুষ ঘরবাড়ি হারিয়ে বাঁধের ওপর খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসনের কোনো তৎপরতা নেই। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতেই যদি বাঁধ মেরামত করা হতো, তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। কিন্তু প্রতিবছর বাঁধ ভাঙার পর দায়সারা কাজ করা হয়, এতে সরকারের শুধু টাকাই অপচয় হয়।
এ বিষয়ে আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, তিনদিনেও বাঁধ মেরামত না হওয়ায় অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কয়েক হাজার পরিবার বসতভিটা হারিয়ে খোলা জায়গায় দিন কাটাচ্ছে। এছাড়া বাঁধ ভেঙে অন্তত ৬ হাজার চিংড়িঘের ভেসে গেছে, বোরো ধানসহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-২) এর নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, বাঁধ মেরামতের চেষ্টা চলছে, তবে পুরোপুরি ঠিক হতে আরো কয়েকদিন সময় লাগবে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন আহমেদ, নুরুন্নবী, মাহবুব বিল্লাহ, রমজান ও হেলাল শালাউদ্দিন প্রমুখ।










