টাঙ্গাইলের বাসাইলের একটি বাজারের দোকানে অগ্নিকাণ্ডে সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বাজারে তার টেইলার্সের দোকান ছিল। তিনি দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। এসময় চারটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে বাসাইল উপজেলার আইসড়া বাজারে এ অগ্নিকাণ্ডটি ঘটে। 

নিহত সৈয়দ মঞ্জুরুল ইসলাম আইসড়া গ্রামের মৃত সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা বলছে, আইসড়া বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের মতো বেচাকেনা শেষে রাতে দোকান-পাট বন্ধ করে বাড়িতে চলে যান। রোববার রাত দুইটার দিকে একটি দোকানের ভেতর থেকে আগুনের শিখা বেরোতে থাকে। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং বাসাইলের ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরই মধ্যে সৈয়দ মঞ্জুরুল ইসলামের সিয়াম টেইলার্স, জমশের আলীর জান্নাত বস্ত্রালয়, আহাম্মদ আলীর ফার্নিচার মার্ট ও আজিম উদ্দিনের ঢেউটিনের দোকান আজিম ট্রেডার্স সম্পূর্ণ পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে সিয়াম টেইলার্সের মালিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম দোকান ঘরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এসময় আগুনে চারটি দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘণ্টা পর ঘটনাস্থলে আসায়, স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। 

স্থানীয় ইউপি সদস্য বাবুল সরকার বলেন, ‘হঠাৎ করে টেইলার্সের দোকান থেকে আগুন জ্বলে উঠতে দেখা যায়। এ সময় ওই দোকানের ভেতরে মঞ্জুরুল ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে তার মৃত্যু হয়। আগুনে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’ 

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, ‘টেইলার্সের দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। টেইলার্সের দোকানে থাকা ব্যক্তি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে, আগুনে পুড়ে সেখানেই তার মৃত্যু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।