মুন্সিগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়েছে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১২টার দিকে প্রথমে কৃষিপণ্য বিক্রয়কারী একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। পানি সংকটের কারণে কিছুটা বিলম্ব হওয়ায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগেই আগুনে পুড়ে যায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান কয়েকটি ভাসমান ফুচকা ও চটপটির দোকান।