বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে কাজী রওনকুল ইসলামকে সভাপতি ও সাইফ মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কাজী রওনকুল সংগঠনের সদ্যবিদায়ী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আর সাইফ মাহমুদ সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আজ রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি (ফজলুর রহমান ও ইকবাল হোসেন নেতৃত্বাধীন) বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।
নতুন সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৩-৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিগত সময়ে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর আগে তিনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ঘোষিত আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক-আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া। এদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে ভোটের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। ওই কমিটিতে ফজলুর রহমান সভাপতি ও ইকবাল হোসেন সাধারণ সম্পাদক হন। এই কমিটির মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে।










