কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পায়ের হাঁটুর নিচের অংশ মারাত্মকভাবে জখম হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এর ব্লক-এফ/১৩-এর বাসিন্দা। তিনি বশির আহমেদ ও সারা খাতুনের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

বিজিবি সূত্রে জানা গেছে, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-২১ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে, মাস্টার কাঠি পোস্ট থেকে ২৫০ মিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের ভেতরে ‘নারিকেল বাগান’ এলাকায় বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের শব্দ শুনে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের নিকটবর্তী এলাকায় গিয়ে দেখতে পান, গুরুতর আহত সাদেককে তার সঙ্গীরা শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল কুতুপালং-এ নেয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, জীবিকার তাগিদে মাছ ধরতে সাদেকসহ একদল জেলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। ফেরার পথে পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে ফেরার পথে মাইনের বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।